২৩ মে, ২০২৬

ডিআর কঙ্গো ফুটবল দলকে ২১ দিনের আইসোলেশনের আলটিমেটাম যুক্তরাষ্ট্রের

ডিআর কঙ্গো ফুটবল দলকে ২১ দিনের আইসোলেশনের আলটিমেটাম যুক্তরাষ্ট্রের

চলতি ২০২৬ ফিফা বিশ্বকাপের মাঠের লড়াই শুরুর আগেই মাঠের বাইরে এক বড় ধরনের কূটনৈতিক ও স্বাস্থ্যগত নাটকীয়তার জন্ম হয়েছে। ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআর কঙ্গো) ফুটবল দলে ইবোলা ভাইরাসের সংক্রমণের আশঙ্কায় দলটিকে তিন সপ্তাহের কঠোর আইসোলেশনে থাকার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। এই শর্ত পূরণ না হলে দলটির বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রে প্রবেশাধিকার পুরোপুরি আটকে দেওয়া হতে পারে বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে।

তবে যুক্তরাষ্ট্রের এই কড়া হুঁশিয়ারির মুখেও ডিআর কঙ্গোর ফুটবল ফেডারেশন জানিয়েছে, তাদের বিশ্বকাপ প্রস্তুতি এবং সূচিতে কোনো ধরনের পরিবর্তন আনার পরিকল্পনা তাদের নেই।

হোয়াইট হাউসের কঠোর বার্তা
বিশ্বকাপের জন্য গঠিত হোয়াইট হাউস টাস্কফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি গত শুক্রবার ইএসপিএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে এই কঠোর অবস্থানের কথা জানান। তিনি বলেন, “ডিআর কঙ্গোয় নতুন করে ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় আমরা কঙ্গো সরকারকে বিষয়টি খুব স্পষ্ট করে জানিয়ে দিয়েছি। আগামী ১১ জুন হিউস্টনে আসার আগে তাদের ফুটবল দলকে অবশ্যই বেলজিয়ামের ক্যাম্পে ২১ দিন কঠোর ‘বায়ো-বাবল’ (সুরক্ষা বলয়) ও আইসোলেশন নিশ্চিত করতে হবে। অন্যথায় তাদের মার্কিন ভিসা বা প্রবেশাধিকার ঝুঁকিতে পড়বে।”

উল্লেখ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) সম্প্রতি ডিআর কঙ্গো ও প্রতিবেশী উগান্ডায় ইবোলার অত্যন্ত বিরল ও বিপজ্জনক ‘বুন্দিবুগিও’ ধরনের প্রাদুর্ভাবকে ‘আন্তর্জাতিক উদ্বেগের জরুরি অবস্থা’ হিসেবে ঘোষণা করেছে।

কঙ্গোর পাল্টা যুক্তি ও অপরিবর্তিত সূচি
যুক্তরাষ্ট্রের এই হুঙ্কারের বিপরীতে বেশ শক্ত অবস্থান নিয়েছে আফ্রিকান পরাশক্তি ডিআর কঙ্গো। আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, কঙ্গো দলের এক মুখপাত্র তাদের বেলজিয়াম ও স্পেন সফরের সূচি অপরিবর্তিত রাখার ঘোষণা দিয়ে বলেন, “আমাদের স্কোয়াডের কোনো খেলোয়াড় ডিআর কঙ্গো থেকে আসেননি। কোচ সেবাস্তিয়ান দেসাব্রেসহ দলের সব খেলোয়াড়ই দেশের বাইরে থাকেন এবং ইউরোপের শীর্ষ ক্লাবগুলোতে খেলেন। তাই ইবোলার ঝুঁকি এখানে খাটে না।”

তবে চলতি সপ্তাহের শুরুর দিকে ডিআর কঙ্গো থেকে কয়েকজন অফিশিয়াল ও কর্মকর্তা বেলজিয়ামে দলের অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন, যা নিয়েই মূলত মার্কিন প্রশাসনের মূল আপত্তি।

ঝুঁকিতে পর্তুগাল ম্যাচ!
সূচি অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপে ডিআর কঙ্গোর গ্রুপ পর্বের দুটি ম্যাচ যুক্তরাষ্ট্রে এবং একটি কলম্বিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা। আগামী ১৭ জুন যুক্তরাষ্ট্রের হিউস্টনে পরাশক্তি পর্তুগালের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু করার কথা রয়েছে।

এর আগে ৩ জুন বেলজিয়ামে ডেনমার্ক এবং ৯ জুন স্পেনের মাটিতে চিলির বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে কঙ্গোর। যদি যুক্তরাষ্ট্র তাদের ২১ দিনের আইসোলেশনের দাবিতে অনড় থাকে, তবে কঙ্গো দলকে এই প্রস্তুতি ম্যাচগুলো বাতিল করতে হবে। আর তারা যদি ম্যাচ খেলে, তবে মার্কিন মাটিতে পা রাখা অনিশ্চিত হয়ে প