২২ মে, ২০২৬

লালমনিরহাটে চোরাকারবারিদের রুখতে বিজিবির ফাঁকা গুলি: বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা নস্যাৎ

লালমনিরহাটে চোরাকারবারিদের রুখতে বিজিবির ফাঁকা গুলি: বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা নস্যাৎ

লালমনিরহাটের পাটগ্রামের কলসির মুখ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে সতর্কতামূলক ফাঁকা গুলি ছুড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে ওই সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) বেআইনিভাবে বাঁশের খুঁটি স্থাপনের একাধিক চক্রান্ত বিজিবির কঠোর ও শক্ত অবস্থানের মুখে নস্যাৎ হয়ে গেছে।

গতকাল বৃহস্পতিবার (২১ মে) দিবাগত রাত দুইটার দিকে পাটগ্রাম উপজেলার কলসির মুখের পশ্চিম গিয়ার পাড়ায় সীমান্তের মেইন পিলার-৮০৬ এলাকায় চোরাকারবারিদের অনুপ্রবেশের এই ঘটনা ঘটে। আজ শুক্রবার (২২ মে) বিজিবির ৫১ ব্যাটালিয়ন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার গভীর রাতে ভারতীয় চোরাকারবারির একটি দল কলসির মুখ সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা চালায়। বিজিবির নিয়মিত টহল দল তাদের কাছাকাছি পৌঁছালে চোরাকারবারিদের ‘চ্যালেঞ্জ’ করে। কিন্তু বিজিবির নিষেধাজ্ঞা উপেক্ষা করে তারা আরও সামনের দিকে এগিয়ে আসতে থাকে। এ সময় উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং চোরাকারবারিদের সতর্ক করতে বিজিবি দুটি ফাঁকা গুলি ছোড়ে। গুলির শব্দে চোরাকারবারিরা মালামাল ফেলে রেখেই দ্রুত দৌড়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। বিজিবি জানায়, সতর্কতামূলক এই গুলিবর্ষণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এদিকে, রংপুর ব্যাটালিয়নের ৫১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান আজ দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি সাংবাদিকদের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সীমান্তে চোরাকারবারিদের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সতর্কতামূলক দুটি ফাঁকা গুলি ছুড়েছে। সীমান্তে কোনো ধরনের অবৈধ প্রবেশ বরদাশত করা হবে না।”

বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা ভন্ডুল

অনুপ্রবেশের পাশাপাশি কলসির মুখ ও দহগ্রাম সীমান্তে বিএসএফের আগ্রাসী তৎপরতাও রুখে দিয়েছে বিজিবি। স্থানীয় সূত্র ও বিজিবি জানায়, গত কয়েকদিন ধরেই আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে বাংলাদেশের সীমান্ত ঘেঁষে বাঁশের খুঁটি বা কাঁটাতারের বেড়া স্থাপনের চেষ্টা চালিয়ে আসছিল বিএসএফ।

এক প্রশ্নের জবাবে ৫১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান জানান, আজ শুক্রবার দুপুরে দহগ্রাম বিওপির দায়িত্বপূর্ণ এলাকা সীমান্ত পিলার ডিএএমপি ৭/৩০ এস-এর কাছে বিএসএফ নতুন করে বাঁশের খুঁটি স্থাপনের উদ্যোগ নেয়। এ সময় বিজিবির জোরালো বাধা ও কঠোর আপত্তির মুখে তারা কাজ বন্ধ করে সরে যেতে বাধ্য হয়।

এর আগে, গত সোমবার দুপুরেও দহগ্রাম বিওপির ডিএএমপি ৬/১৬ এস পিলারের কাছে মাত্র ১০-২০ গজ ভারতের অভ্যন্তরে ১৭৪ বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা একইভাবে বাঁশের খুঁটি বসাতে এসেছিল। সেবারও বিজিবির অনড় ও শক্ত অবস্থানের কারণে তারা পিছু হটে। দহগ্রামের মতো আজ কলসির মুখ সীমান্তেও বিএসএফ একই অপচেষ্টা চালালে বিজিবির তাৎক্ষণিক তীব্র প্রতিবাদে তারা কাজ ফেলে চলে যায়।

সীমান্তের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং যেকোনো ধরনের উসকানি বা অবৈধ তৎপরতা রুখে দিতে বিজিবি কলসির মুখ ও দহগ্রামসহ পুরো লালমনিরহাট সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে (অ্যালার্ট) রয়েছে বলে বিজিবি সূত্রে জানানো হয়েছে।