নোয়াখালীর বেগমগঞ্জে বেপরোয়া গতির এক ঘাতক ট্রাকের ধাক্কায় মো. সালমান (২৪) নামে এক মোটরসাইকেল আরোহী তরুণ নিহত হয়েছেন। এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মো. শান্ত (২২) নামে আরও এক তরুণ গুরুতর আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (২১ মে) দুপুর ১টার দিকে উপজেলার চৌমুহনী-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের বাংলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সালমান বেগমগঞ্জ উপজেলার বাসিন্দা বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, দুপুরে লক্ষ্মীপুর থেকে একটি দ্রুতগামী ট্রাক চৌমুহনীর দিকে যাচ্ছিল। একই সময়ে মোটরসাইকেলযোগে সালমান ও শান্ত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের দিকে যাচ্ছিলেন। তাদের মোটরসাইকেলটি চৌমুহনী-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের বাংলাবাজার এলাকায় পৌঁছালে বিপরীতমুখী বেপরোয়া গতির ট্রাকটি মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়।
ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং আরোহী দুই তরুণ মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। প্রচণ্ড আঘাতের কারণে ঘটনাস্থলেই সালমানের মৃত্যু হয়। দুর্ঘটনার পর পর স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় শান্তকে উদ্ধার করে দ্রুত নিকটস্থ একটি হাসপাতালে ভর্তি করেন।
দুর্ঘটনার খবর পেয়ে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহতের মরদেহ উদ্ধার করে।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদেল আকবর জানান, "নিহতের নাম-পরিচয় জানা গেলেও তার বিস্তারিত ঠিকানা এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়দের ভাষ্যমতে তিনি বেগমগঞ্জ উপজেলার বাসিন্দা। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে, তবে এর চালক কৌশলে পালিয়ে গেছে।"
হাইওয়ে পুলিশ আরও জানিয়েছে, নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর চালককে গ্রেপ্তারসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে তরুণের এই আকস্মিক মৃত্যুর খবরে তার পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।