নোয়াখালীর কবিরহাট উপজেলার নবগ্রাম আমিনবাজারের ইজারা না পেয়ে এক ইজারাদারসহ বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে। এই অপপ্রচারের প্রতিবাদে স্থানীয় এলাকাবাসী ও ব্যবসায়ীরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন।
আজ বৃহস্পতিবার (২১ মে) সকাল ১০টার দিকে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের আমিনবাজারে এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা অভিযোগ করেন, আমিনবাজারের ইজারা না পেয়ে একটি বিশেষ পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে মিথ্যা তথ্য প্রচার করছে। মূলত বাজারের শান্ত পরিবেশকে অস্থিতিশীল করতেই একটি মহল পরিকল্পিতভাবে এই উস্কানি দিচ্ছে। বক্তারা এই অপপ্রচারের তীব্র নিন্দা জানান এবং প্রশাসনকে বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।