২১ মে, ২০২৬

বাংলাদেশি পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত: বাদ যাচ্ছে পদ্মা সেতু-মেট্রোরেল, যুক্ত হচ্ছে আবু সাঈদ

বাংলাদেশি পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত: বাদ যাচ্ছে পদ্মা সেতু-মেট্রোরেল, যুক্ত হচ্ছে আবু সাঈদ

বাংলাদেশি পাসপোর্টে আবারও পুনর্বহাল হতে যাচ্ছে বহুল আলোচিত ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দবন্ধটি। সাবেক আওয়ামী লীগ সরকারের আমলে বাদ পড়া এই শর্তটি সব ধরনের পাসপোর্টে কার্যকর করার চূড়ান্ত উদ্যোগ নিয়েছে বর্তমান বিএনপি সরকার। একই সঙ্গে ই-পাসপোর্টের পাতায় থাকা বিভিন্ন জলছাপ ও ছবির ক্ষেত্রেও বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে, যেখানে স্থান পাচ্ছে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশের দীর্ঘদিনের পররাষ্ট্রনীতি, জনমত এবং ফিলিস্তিন ইস্যুর প্রতি সংহতি রেখেই এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ধাপে ধাপে কার্যকর হবে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত
২০২০ সালে সাড়ে চার হাজার কোটি টাকা ব্যয়ে ই-পাসপোর্ট চালুর সময় ‘ইসরায়েল ব্যতীত’ লেখাটি বাদ দেওয়া হয়েছিল। এরপর অন্তর্বর্তী সরকারের আমলে গত বছরের এপ্রিলে এটি চালুর উদ্যোগ নেওয়া হলেও তা কেবল কূটনৈতিক পাসপোর্টের মধ্যেই সীমাবদ্ধ ছিল। বর্তমান সরকার এখন সাধারণ নাগরিকসহ সব ধরনের পাসপোর্টে এটি যুক্ত করতে যাচ্ছে।

ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন এই নির্দেশনার কারণে সাধারণ গ্রাহকদের তাৎক্ষণিক কোনো জটিলতায় পড়তে হবে না। বিদ্যমান পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার পর নবায়নের সময় স্বয়ংক্রিয়ভাবেই নতুন সংস্করণের পাসপোর্ট দেওয়া হবে।

জলছাপ ও ছবিতে বড় বদল: বাদ যাচ্ছে যা, যুক্ত হচ্ছে যা
নতুন পাসপোর্টের ভেতরের পাতাগুলোর নকশায় আমূল পরিবর্তন আনা হচ্ছে। মেগা প্রজেক্ট এবং দলীয় প্রতীকের সাথে মিল থাকা রাজনৈতিক ছোঁয়ার ছবিগুলো বাদ দিয়ে যুক্ত করা হচ্ছে জাতীয় ঐতিহ্য ও গণ-অভ্যুত্থানের প্রতীক।

বাদ যাচ্ছে যে সব ছবি ও স্থাপনা নতুন যুক্ত হচ্ছে যা

* পদ্মা সেতু ও মেট্রোরেল

 

* রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

 

* টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধ

 

* নভোথিয়েটার ও বঙ্গবন্ধু স্যাটেলাইট

 

* যমুনা সেতু (বঙ্গবন্ধু সেতু)

 

* সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা স্তম্ভ

 

* নৌকা (কক্সবাজার সৈকতের ছবি থেকে)

 

* মডেল মসজিদ ও মুজিবনগর স্মৃতিসৌধ

 

* কান্তজিউ মন্দির

* জুলাই অভ্যুত্থানের শহীদ আবু সাঈদের দুই হাত প্রসারিত ছবি

 

* ঐতিহাসিক বঙ্গভবন ও আহসান মঞ্জিল

 

* জাতীয় মাছ ইলিশ ও জাতীয় ফল কাঁঠাল

 

* জিআই পণ্য জামদানি শাড়ি

 

* টাঙ্গুয়ার হাওর ও মাধবকুণ্ড জলপ্রপাত

 

* শালবন বিহার ও ঐতিহাসিক পানামনগরী

 

* বান্দরবানের নীলগিরি ও রাজশাহীর আমবাগান

 

* সাভারের জাতীয় স্মৃতিসৌধ

 

* কক্সবাজার সমুদ্রসৈকত (নৌকা ব্যতীত)

অপরিবর্তিত থাকছে যেসব ঐতিহ্য
পাসপোর্টের আগের সংস্করণ থেকে বেশ কিছু জাতীয় প্রতীক ও ঐতিহ্যবাহী ছবি অপরিবর্তিত রাখা হচ্ছে। এর মধ্যে রয়েছে— জাতীয় ফুল শাপলা, জাতীয় পাখি দোয়েল, রয়্যাল বেঙ্গল টাইগার, শহীদ মিনার, সুপ্রিম কোর্ট, শিখা অনির্বাণ, লালবাগ দুর্গ, হাতিরঝিল, বায়তুল মোকাররম মসজিদ, কার্জন হল, ষাটগম্বুজ মসজিদ, সোনালি আঁশ পাট, চা–বাগান, সুন্দরবন এবং শিল্পাচার্য জয়নুল আবেদিনের বিখ্যাত চিত্রকর্ম ‘সংগ্রাম’।

"পাসপোর্টের ভেতরে থাকা কয়েকটি জলছাপ বাদ দেওয়া হচ্ছে এবং নতুন করে বেশ কিছু ছবি যুক্ত করা হচ্ছে। শিগগিরই এ বিষয়ে সরকারপ্রধানের আনুষ্ঠানিক অনুমোদন পাওয়া যাবে।"

— মনজুর মোর্শেদ চৌধুরী, স্বরাষ্ট্রসচিব।

সংশ্লিষ্ট বিশ্লেষকদের মতে, পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহাল এবং জলছাপ পরিবর্তনের এই পদক্ষেপের মাধ্যমে নতুন সরকার মূলত রাষ্ট্রীয় পরিচয়ের প্রতীকী বিষয়গুলোতে নিজেদের নীতি ও গণ-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে চাচ্ছে।