১২ মে, ২০২৬

এক সময় সবাই আওয়ামী লীগ করতো, এখন কেউ করে না

এক সময় সবাই আওয়ামী লীগ করতো, এখন কেউ করে না

দেশের রাজনৈতিক পটপরিবর্তন এবং ক্রিকেট ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে দীর্ঘ নীরবতা ভেঙে মুখ খুলেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সম্প্রতি যুক্তরাষ্ট্রে বসে ‘সিম্পলি সাঈদ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের রাজনৈতিক অবস্থান, দেশে ফেরার অনিশ্চয়তা এবং বিসিবি নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন এই তারকা ক্রিকেটার।

আওয়ামী লীগ নিয়ে সাকিবের পর্যবেক্ষণ
সাক্ষাৎকারে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাকিব তার সোজাসাপ্টা মন্তব্য করেন। তিনি বলেন, “একটা সময় দেখতাম যে সবাই আওয়ামী লীগ করে, আর এখন দেখি যে কেউই আওয়ামী লীগ করে না। এরকম একটা অবস্থা।” গত নির্বাচনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়া সাকিব মনে করেন, তার রাজনীতিতে আসার সিদ্ধান্ত ভুল ছিল না। কেন খেলার মাঝপথেই নির্বাচনে এলেন—এমন প্রশ্নে তার আবেগঘন উত্তর ছিল, “আমি কখনো মাগুরাতে সাকিব আল হাসান হইনি, সবসময় মাগুরাতে ‘ফয়সাল’ (ডাকনাম) ছিলাম।”

দেশে ফেরা নিয়ে সংশয়
দেশে ফিরলে নিজের জেলা মাগুরা নাকি মিরপুর স্টেডিয়াম—কোথায় আগে যাবেন? এমন প্রশ্নের উত্তরে সাকিবের কণ্ঠে ঝরে পড়ে অনিশ্চয়তা। তিনি স্পষ্টই বলেন, “এখন তো ঢাকায় পা রাখাটাই সবচেয়ে বড় চিন্তা।” উল্লেখ্য, রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই দেশের বাইরে অবস্থান করছেন তিনি এবং তার বিরুদ্ধে মামলাও হয়েছে, যা তাকে দেশে ফেরার ক্ষেত্রে শঙ্কায় ফেলেছে।

বোর্ড সভাপতি হিসেবে তামিম ইকবাল?
সাক্ষাৎকারে এক কৌতূহলোদ্দীপক প্রশ্ন ছিল তার সাবেক সতীর্থ তামিম ইকবালকে নিয়ে। ‘বন্ধু তামিম ইকবাল বোর্ড সভাপতি হলে নতুন কোনো উদ্যোগ নেবেন কি না’—এমন প্রশ্নের জবাবে সাকিব সরাসরি তামিমের নাম না নিলেও বোর্ড পুনর্গঠন নিয়ে কথা বলেন। তিনি জানান, নির্বাচনের পর যে নতুন বোর্ড আসবে, তাদের হাতেই দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকবে।

সমালোচনার মুখেও অনড়
খেলোয়াড় থাকাকালীন রাজনীতিতে জড়ানো নিয়ে দেশজুড়ে যে সমালোচনা চলছে, তা নিয়ে সাকিব বলেন, “আমি মনে করি যে আমি ভুল কিছু করি নাই।” ব্যক্তিগত ও পেশাদার জীবনের এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে সাকিব যেন বুঝিয়ে দিলেন, বাইশ গজের পাশাপাশি মাঠের বাইরের পরিস্থিতিও এখন তার জন্য সমান চ্যালেঞ্জিং।

সাকিবের এই সাক্ষাৎকার সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ভক্ত ও সমালোচকদের মাঝে প্রশ্ন উঠেছে—কবে নাগাদ এই কিংবদন্তিকে আবার দেশের মাটিতে দেখা যাবে?