১১ মে, ২০২৬

নোয়াখালীতে পানিতে ডুবে ৪ শিশুর করুণ মৃত্যু

নোয়াখালীতে পানিতে ডুবে ৪ শিশুর করুণ মৃত্যু

নোয়াখালীর হাতিয়া ও কবিরহাট উপজেলায় গত দুই দিনে পৃথক ঘটনায় পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। খেলা করতে গিয়ে অসাবধানতাবশত পুকুর ও গর্তের পানিতে পড়ে এসব প্রাণহানির ঘটনা ঘটে। মর্মান্তিক এই মৃত্যুতে সংশ্লিষ্ট এলাকাগুলোতে শোকের ছায়া নেমে এসেছে।

সোমবার (১১ মে) সকাল ৯টার দিকে হাতিয়া পৌরসভার চরলইট্রা গ্রামে বসতঘরের পাশের পুকুরে ডুবে মারা যায় নুসরাত বেগম মরিয়ম (৬)। মরিয়ম স্থানীয় বাসিন্দা মিরাজের মেয়ে। পরিবারের সদস্যরা জানান, তাকে খুঁজে না পেয়ে দীর্ঘক্ষণ তালাশ করার পর বেলা ১১টার দিকে পুকুর থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়।

এর আগে রোববার ভোরে হাতিয়ার সোনাদিয়া ইউনিয়নে পুকুরে ভাসমান অবস্থায় পাওয়া যায় ৪ বছর বয়সী শিশু সাইমুনের মরদেহ। সে ওই এলাকার মো. ফরিদের ছেলে। শিশুটি শনিবার বিকেল থেকে নিখোঁজ ছিল।

সোমবার সকালে কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নে খেলতে গিয়ে প্রাণ হারায় নিহা (৩) ও জান্নাত (৫) নামে দুই শিশু। স্থানীয়রা জানান, মাটি কাটার ফলে তৈরি হওয়া একটি গভীর গর্তে জমে থাকা পানিতে তারা পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহা স্থানীয় জোবায়েরের মেয়ে এবং জান্নাত ইউসুফের মেয়ে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, ঘটনাগুলো মূলত দুর্ঘটনাজনিত। কোনো পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি, তবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

অন্যদিকে কবিরহাট থানার ওসির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।