১১ মে, ২০২৬

সোনাইমুড়ীতে ওয়ারেন্টভুক্ত প্যানেল চেয়ারম্যান গ্রেপ্তার

সোনাইমুড়ীতে ওয়ারেন্টভুক্ত প্যানেল চেয়ারম্যান গ্রেপ্তার

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মহিন উদ্দীন মোহনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১১)। চাঁদাবাজি ও মারামারির একটি মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হিসেবে রোববার (১০ মে) দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জয়াগ ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে অভিযান চালিয়ে মোহনকে আটক করা হয়। তার বিরুদ্ধে আদালতে গ্রেপ্তারি পরোয়ানা থাকলেও তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছরের ১৮ মার্চ মিজানুর রহমান নামের এক ব্যক্তি সোনাইমুড়ী থানায় মহিন উদ্দীন মোহনের বিরুদ্ধে চাঁদাবাজি ও মারধরের অভিযোগে মামলা দায়ের করেন। ওই মামলার পর থেকেই তিনি পুলিশি নজরদারিতে ছিলেন। এলাকায় বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে তিনি দীর্ঘদিন ধরেই আলোচিত ছিলেন বলে স্থানীয়রা জানান।

তবে মোহনের পরিবারের পক্ষ থেকে গ্রেপ্তারের পর অভিযোগ করা হয়েছে যে, এই মামলাটি সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তাকে সামাজিকভাবে ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতেই এই হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে বলে তারা দাবি করেন।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, মোহনের বিরুদ্ধে চাঁদাবাজি ও মারামারির সুনির্দিষ্ট মামলা রয়েছে। র‍্যাব তাকে গ্রেপ্তারের পর নোয়াখালীর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে।