১০ মে, ২০২৬

নোয়াখালীতে আন্তঃজেলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, ৩ অটোরিকশা উদ্ধার

নোয়াখালীতে আন্তঃজেলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, ৩ অটোরিকশা উদ্ধার

নোয়াখালী সদর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে আন্তঃজেলা অটোরিকশা চোরচক্রের ৫ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের হেফাজত থেকে চুরি হওয়া ৩টি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়।

রোববার (১০ মে) বিকেলে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম অভিযানের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কৃষ্ণরামপুর এলাকার একটি গ্যারেজে অভিযান চালায় পুলিশ। সেখানে চোরাই অটোরিকশা কেনাবেচার সময় হাতেনাতে গ্রেপ্তার করা হয় মেহেদী হাসান (২৯), আশরাফুল (২৫) ও নুর হোসেনকে (৫৭)। এসময় তাদের কাছ থেকে ২টি অটোরিকশা জব্দ করা হয়।

পরবর্তীতে গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে রোববার ভোরে পশ্চিম বদরীপুর এলাকায় দ্বিতীয় দফা অভিযান চালানো হয়। সেখান থেকে চক্রের আরও দুই সদস্য আবুল কালাম ওরফে রাসেল (৩৫) ও মোহাম্মদ উদ্দিন আজাদকে (২৮) গ্রেপ্তার এবং আরও একটি অটোরিকশা উদ্ধার করা হয়।

পুলিশি প্রাথমিক তদন্তে জানা গেছে, এই চক্রটি একটি সংঘবদ্ধ আন্তঃজেলা চোরচক্র। তারা পার্শ্ববর্তী জেলা লক্ষ্মীপুরসহ বিভিন্ন এলাকা থেকে কৌশলে অটোরিকশা চুরি করে নোয়াখালীর গ্যারেজগুলোতে এনে রং ও আকৃতি পরিবর্তন করে বিক্রি করত। উদ্ধারকৃত ৩টি অটোরিকশার বর্তমান বাজারমূল্য প্রায় ৩ লাখ ৯০ হাজার টাকা।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিকেলেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের খুঁজে বের করতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।