নোয়াখালীর কোম্পানীগঞ্জে অসাবধানতাবশত মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অতিথি রাণী দাস (১৩) নামে এক ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার রাতে উপজেলার চরফকিরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ভুবনের বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে বাড়ির বৈদ্যুতিক সকেটে মোবাইল ফোন চার্জ দিতে যান অতিথি রাণী। এসময় সকেটে সংযোগ দেওয়ার মুহূর্তেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন এবং মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করলেও অবস্থার অবনতি হতে থাকে। পরে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার প্রস্তুতির মাঝেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিহত অতিথি রাণী চরফকিরা ইউনিয়নের গোপাল চন্দ্র জল দাসের মেয়ে এবং স্থানীয় চরফকিরা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিল। তার এই আকস্মিক মৃত্যুতে পরিবার ও সহপাঠীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। চরফকিরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
রোববার (১০ মে) দুপুরে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।