৯ মে, ২০২৬

ধুনটে সাবেক উপজেলা চেয়ারম্যান আ’লীগ নেতা খোকন গ্রেফতার

ধুনটে সাবেক উপজেলা চেয়ারম্যান আ’লীগ নেতা খোকন গ্রেফতার

বগুড়ার ধুনট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাই খোকনকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজের গাড়িবহর ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের মামলায় শনিবার ভোর ৪টায় ঢাকার আশুলিয়া বাইপাস সড়ক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আব্দুল হাই খোকন উপজেলার চিকাশী ইউনিয়নের সোনারগাঁ গ্রামের মৃত হবিবর রহমানের ছেলে। তিনি ধুনট উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, খোকনের বিরুদ্ধে থানায় বিভিন্ন অভিযোগে মোট ১১টি মামলা রয়েছে। এর মধ্যে ২০১৮ সালের ১১ ডিসেম্বর বিএনপি দলীয় তৎকালীন সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজের গাড়িবহরে হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় গত ৮ অক্টোবর ধুনট থানায় একটি মামলা দায়ের করা হয়। উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন বাদী হয়ে ৪৬ জনকে আসামি করে মামলাটি করেন, যেখানে খোকন অন্যতম প্রধান আসামি।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতিকুল ইসলাম জানান, “সংসদ সদস্যের গাড়িবহরে হামলা ও বিস্ফোরক আইনের মামলায় আত্মগোপনে থাকা আব্দুল হাই খোকনকে তথ্য-প্রযুক্তির সহায়তায় ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।”

আওয়ামী লীগ নেতা খোকনের গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে ধুনট উপজেলায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। পুলিশ জানায়, অন্য মামলাগুলোতেও তাকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলমান রয়েছে।