নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় একটি মসজিদের তিনটি তালা ভেঙে দানবাক্সের টাকা চুরির ঘটনা ঘটেছে। চোরচক্র মসজিদের ইমামকে মক্তব কক্ষে বাইরে থেকে আটকে রেখে এই অপকর্ম চালায়। বুধবার (৬ মে) দুপুরে বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
মঙ্গলবার (৫ মে) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে উপজেলার চরফকিরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ফকিরের তাকিয়া শাহী জামে মসজিদে এই চুরির ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, চোরচক্র অত্যন্ত পরিকল্পিতভাবে মসজিদে প্রবেশ করে। প্রথমে তারা মসজিদের ইমাম আবু বক্কর ছিদ্দিকের কক্ষের ছিটকিনি বাইরে থেকে আটকে দেয়, যাতে তিনি বের হতে না পারেন। এরপর মসজিদের প্রধান ফটকের দুটি এবং ভেতরের দানবাক্সের একটি তালা ভেঙে টাকা নিয়ে চম্পট দেয়।
ভোরে ফজরের আজানের সময় হলে ইমাম আবু বক্কর ছিদ্দিক ঘুম থেকে জেগে দেখেন তার কক্ষের দরজা বাইরে থেকে আটকানো। পরে তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। এরপরই দেখা যায় মসজিদের তালা ভাঙা এবং দানবাক্স শূন্য পড়ে আছে।
ফকিরের তাকিয়া জামে মসজিদ কমিটির সভাপতি ও ইউপি সদস্য মো. ইউসুফ নবী জানান, "দানবাক্সে আনুমানিক ৮ থেকে ১০ হাজার টাকা ছিল। পবিত্র একটি স্থানে এমন চুরির ঘটনায় গ্রামবাসী ক্ষুব্ধ। আমরা দ্রুত অপরাধীদের চিহ্নিত করে গ্রেফতারের দাবি জানাই।"
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, "ঘটনাটি সম্পর্কে এখনো কেউ আনুষ্ঠানিকভাবে লিখিত অভিযোগ দেয়নি। তবে আমরা লোকমুখে বিষয়টি জেনেছি। খবর নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।"
ধর্মীয় উপাসনালয়ে এমন দুর্ধর্ষ চুরির ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক ও অসন্তোষ বিরাজ করছে।
মুক্ত প্রভাত/এসএ