নাটোরে বড়াইগ্রাম উপজেলায় মৎস্য চাষ সম্প্রসারণ ও আধুনিক প্রযুক্তির প্রসারে মৎস্য চাষিদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের (৩য় পর্যায়) আওতায় বুধবার (৬ মে) সকালে উপজেলা চত্বরে এই বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।
উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, রাজস্ব খাতের আওতায় নতুন করে আরও ৪টি প্রদর্শনী খামার স্থাপন করা হয়েছে। এসব খামারের মাধ্যমে স্থানীয় চাষিদের আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে। এর পাশাপাশি গৃহস্থালি পর্যায়ে মাছ চাষে উৎসাহ দিতে প্রয়োজনীয় সরঞ্জামাদি প্রদান করা হয়।
যা যা বিতরণ করা হলো
প্রদর্শনী পুকুর ও গৃহস্থালি খামারের জন্য চাষিদের হাতে তুলে দেওয়া হয়েছে:
উন্নত জাতের মাছের পোনা ও গুণগত মানের মৎস্য খাদ্য।
জলে অক্সিজেনের মান ঠিক রাখতে এরিয়েটর ও পানি শোধনে চুন।
পুষ্টি সহায়তায় ফলের চারা, সাইনবোর্ডসহ অন্যান্য আনুষঙ্গিক উপকরণ।
বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপকরণগুলো বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মাছ চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার কেবল উৎপাদনই বাড়াবে না, বরং স্থানীয় পর্যায়ে আমিষের চাহিদা পূরণ ও নতুন কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকার চাষিদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিচ্ছে, যার সুফল মাঠ পর্যায়ের খামারিরা পেতে শুরু করেছেন।
বক্তারা চাষিদের উদ্দেশ্যে বলেন, "আধুনিক পদ্ধতি অনুসরণ করলে মৎস্য চাষ হবে আরও লাভজনক এবং এটি গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করবে।"
মুক্ত প্রভাত/এসএ