নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় নিজ বসতবাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ফয়সাল (১৭) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। কলিজার টুকরো সন্তানকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়ে হাসপাতালে লড়ছেন মা। বুধবার (৬ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামে এ শোকাবহ ঘটনা ঘটে।
নিহত ফয়সাল মোহাম্মদপুর ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামের মো. ইয়াসিন ব্যাপারীর ছেলে এবং স্থানীয় চরক্লার্ক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে ঘরের ভেতরে কাজ করার সময় অসাবধানতাবশত একটি ছিঁড়ে থাকা বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসেন ফয়সাল। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফয়সালকে ছটফট করতে দেখে মা নিজের জীবনের মায়া ত্যাগ করে ছেলেকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন। এতে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়েন এবং গুরুতর দগ্ধ হন।
চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে তাদের উদ্ধার করে দ্রুত ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ফয়সালকে মৃত ঘোষণা করেন। বর্তমানে ফয়সালের মা আশঙ্কাজনক অবস্থায় ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।
দশম শ্রেণির মেধাবী ছাত্র ফয়সালের অকাল মৃত্যুতে এলাকায় এবং তার বিদ্যালয় চরক্লার্ক উচ্চ বিদ্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী ও শিক্ষকদের মাঝে বিরাজ করছে বিষাদময় নীরবতা।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "বিদ্যুৎস্পৃষ্টে এক শিক্ষার্থী মারা যাওয়ার খবর আমরা পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি নিয়ে যথাযথ খোঁজ-খবর নেওয়া হচ্ছে।"
মুক্ত প্রভাত/এসএ