৬ মে, ২০২৬

বেগমগঞ্জে ঘাতক সিএনজির ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু, রণক্ষেত্র রাজপথ

বেগমগঞ্জে ঘাতক সিএনজির ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু, রণক্ষেত্র রাজপথ

নোয়াখালীর বেগমগঞ্জে বেপরোয়া গতির সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় তন্ময় চন্দ্র (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৬ মে) বেলা ১১টার দিকে চৌমুহনী-মাইজদী আঞ্চলিক মহাসড়কের কৃষি ইনস্টিটিউটের সামনে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় দীপ দেবনাথ নামে আরও এক পরীক্ষার্থী গুরুতর আহত হয়েছে।

নিহত তন্ময় নোয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কুরিপাড়া এলাকার কার্তিক চন্দ্রের ছেলে এবং ডেল্টা জুটমিল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে তন্ময় তার বন্ধু দীপের সাথে ব্যক্তিগত কাজে বাইরে বের হন। কৃষি ইনস্টিটিউটের সামনে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি অটোরিকশা তাদের সজোরে ধাক্কা দেয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। তন্ময়ের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে দুপুর আড়াইটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তন্ময়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ সহপাঠী ও স্থানীয় জনতা রাজপথে নেমে আসে। তারা প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। এর ফলে সড়কের দুই পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, যাতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। পরবর্তীতে পুলিশ এসে বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয় এবং যান চলাচল স্বাভাবিক হয়।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান জানান, ঘাতক সিএনজি চালক পলাতক রয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। তিনি আরও বলেন, "নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আমরা দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করব।"

মুক্ত প্রভাত/এসএ