৫ মে, ২০২৬

‘লাল-সাদা-নীল গম্বুজ’ উড়িয়ে ইরানকে পেন্টাগনের হুমকি: হরমুজে হামলার ফল হবে ভয়াবহ

‘লাল-সাদা-নীল গম্বুজ’ উড়িয়ে ইরানকে পেন্টাগনের হুমকি: হরমুজে হামলার ফল হবে ভয়াবহ

বিশ্ব অর্থনীতির লাইফলাইন ‘হরমুজ প্রণালী’ এখন কার্যত রণক্ষেত্র। ইরানকে চূড়ান্ত হুঁশিয়ারি দিয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সাফ জানিয়ে দিয়েছেন, এই রুট দিয়ে চলাচলকারী কোনো বাণিজ্যিক জাহাজে হামলা হলে তেহরানকে এমন এক ভয়াবহ আক্রমণের মুখোমুখি হতে হবে যা তারা কল্পনাও করতে পারছে না।

মঙ্গলবার (৫ মে) পেন্টাগনের এক সংবাদ সম্মেলনে হেগসেথ মার্কিন প্রশাসনের এই মারমুখী অবস্থানের কথা জানান। ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান উত্তেজনার মধ্যেই এ ঘোষণা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল করে তুলল।

অপারেশন প্রজেক্ট ফ্রিডম ও ‘আমেরিকান গম্বুজ’
সংবাদ সম্মেলনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্কিন পতাকার রঙের দোহাই দিয়ে অত্যন্ত আক্রমণাত্মক ভাষায় বলেন, “বিশ্বের প্রতি যুক্তরাষ্ট্রের উপহার হিসেবে আমরা হরমুজ প্রণালীতে একটি শক্তিশালী লাল-সাদা-নীল (মার্কিন পতাকার রঙ) গম্বুজ স্থাপন করেছি। আমাদের অপারেশন ‘প্রজেক্ট ফ্রিডম’ চলাকালে কোনো বাণিজ্যিক জাহাজ লক্ষ্যবস্তু করা হলে ইরানে ভারী হামলা চালানো হবে।”

বিশ্লেষকরা বলছেন, ‘লাল-সাদা-নীল গম্বুজ’ বলতে হেগসেথ মূলত মার্কিন নৌ ও বিমানবাহিনীর নিশ্ছিদ্র প্রতিরক্ষা এবং আক্রমণাত্মক সক্ষমতাকে বুঝিয়েছেন, যা দিয়ে পুরো প্রণালীকে তেহরানের প্রভাবমুক্ত রাখার চেষ্টা করছে ওয়াশিংটন।

কেন এই চরম হুঁশিয়ারি?
গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে যে সংঘাত শুরু হয়েছে, তার রেশ ধরে হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি ও পণ্যবাহী জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছিল। ইরান এই রুট বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়ায় বিশ্ববাজারে অস্থিরতা শুরু হয়। ওয়াশিংটন এই অচলাবস্থা কাটাতে তাদের নৌবাহিনীর সরাসরি পাহারায় ‘প্রজেক্ট ফ্রিডম’ শুরু করেছে। আজকের হুমকি মূলত সেই কার্যক্রমকে বাধাগ্রস্ত না করতে তেহরানের প্রতি সরাসরি আল্টিমেটাম।

তেহরানের ওপর দ্বিমুখী চাপ
একদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি যখন শান্তির আশায় বেইজিংয়ে দৌড়ঝাঁপ করছেন, ঠিক তখনই পেন্টাগন থেকে ধেয়ে এলো এই বিধ্বংসী বার্তা। পেন্টাগন প্রধানের এই বক্তব্য স্পষ্ট করে দিচ্ছে যে, কূটনৈতিক আলোচনার সমান্তরালে যুক্তরাষ্ট্র সামরিক শক্তি প্রয়োগের জন্য আঙুল ট্রিগারেই রেখেছে।

সূত্র জানায়, হরমুজ প্রণালীতে ইতিমধ্যে মার্কিন ডেস্ট্রয়ার ও বিমানবাহী রণতরী টহল দিচ্ছে। যেকোনো উসকানিমূলক কর্মকাণ্ডের জবাবে কয়েক মিনিটের মধ্যে ইরানি লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য মার্কিন সেনাদের সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে।

মুক্ত প্রভাত/আরআই