কুড়িগ্রামের চিলমারী-উলিপুর রেলপথে নতুন রেললাইন ও স্লিপার স্থাপনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে স্থানীয় জনপদ। আজ সোমবার (৪ মে) দুপুরে রমনা রেলওয়ে স্টেশনে এই দাবিতে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। ‘রেল, নৌ, যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি’ চিলমারী উপজেলা শাখার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, উলিপুর পর্যন্ত রেলপথে নতুন লাইন ও স্লিপার স্থাপনের কাজ সফলভাবে সম্পন্ন হলেও রহস্যজনক কারণে উলিপুর থেকে চিলমারী (রমনা) পর্যন্ত কাজ বন্ধ রাখা হয়েছে। এর ফলে এই অঞ্চলের মানুষ আধুনিক রেলসেবা থেকে বঞ্চিত হচ্ছে। তাদের প্রধান দাবিগুলো হলো:
অবিলম্বে উলিপুর-চিলমারী রুটে নতুন লাইন ও স্লিপার স্থাপন সম্পন্ন করা।
রমনা স্টেশন পর্যন্ত আন্তঃনগর 'কুড়িগ্রাম এক্সপ্রেস' চালু করা।
রমনা-পার্বতীপুর মেইল ট্রেনটি নিয়মিত ও দ্রুত চালু করা।
গণকমিটির আহ্বায়ক নাহিদ নলেজ-এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপি নেতা আবু সাঈদ হোসেন পাখী ও রেজাউল করিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, চিলমারী বন্দর ও এই অঞ্চলের ব্যবসা-বাণিজ্যের প্রসারে রেল যোগাযোগ আধুনিকায়নের কোনো বিকল্প নেই। দ্রুত দাবি মানা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
এদিন দুপুর ১২টা থেকে শুরু হওয়া এই মানববন্ধনে এলাকার বিভিন্ন পেশাজীবী, ব্যবসায়ী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। চিলমারীর উন্নয়নবঞ্চিত মানুষের প্রাণের দাবি হিসেবে এই আন্দোলন এখন সর্বস্তরে ছড়িয়ে পড়েছে।