পাবনার সাঁথিয়ায় মাদকবিরোধী অভিযানে মো. সোহেল নামে এক মাদক ব্যবসায়ীকে এক বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার (৪ মে) সাঁথিয়া থানা সদরে এই অভিযান পরিচালনা করা হয়।
দণ্ডপ্রাপ্ত সোহেল উপজেলার নওয়ানী গ্রামের ইউনুস আলীর ছেলে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সাঁথিয়া থানা সদরে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিজু তামান্না। অভিযানকালে মাদক বিক্রির অপরাধে সোহেলকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬ (৫) ধারা অনুযায়ী তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান শেষে ইউএনও রিজু তামান্না জানান, মাদকমুক্ত সমাজ গড়তে জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবেই সোহেলকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়েছিল। আদালতের রায় ঘোষণার পর তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।