নোয়াখালীর চাটখিল উপজেলায় টিসিবির পণ্য নির্ধারিত গ্রাহকদের মাঝে বিতরণ না করে অবৈধভাবে গুদামজাত করার অভিযোগে এক ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে গুদামে মজুত করা বিপুল পরিমাণ সয়াবিন তেল, চিনি ও ছোলা জব্দ করা হয়েছে।
রোববার (৩ মে) বিকেলে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। এর আগে শনিবার দুপুরে উপজেলার পরকোট ইউনিয়নের মুন্সি রাস্তা এলাকায় এই অভিযান চালানো হয়।
স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, বদলকোট ইউনিয়ন ছাত্রলীগ নেতা জসিম উদ্দীনের মালিকানাধীন ডিলার প্রতিষ্ঠান ‘শশী এন্টারপ্রাইজ’ ও ‘রয়েল এন্টারপ্রাইজ’-এর নামে বরাদ্দকৃত পণ্য সাধারণ মানুষের মাঝে বিতরণ না করে গুদামে লুকিয়ে রাখা হয়েছিল। স্থানীয়দের অভিযোগ, এসব পণ্য পরবর্তীতে কালোবাজারে বেশি দামে বিক্রি করার পরিকল্পনা ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত ওই গুদামে হানা দিয়ে ১৮০ বোতল (২ লিটারের) সয়াবিন তেল, ৪ বস্তা (প্রায় ২০০ কেজি) চিনি এবং প্রায় ২০০ কেজি ছোলা জব্দ করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান জানান, “অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ অনুযায়ী অভিযুক্ত ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া সরকারি পণ্যের অপব্যবহার ও নিয়ম ভঙ্গের কারণে ওই ডিলারের লাইসেন্স বাতিলের জন্য যথাযথ কর্তৃপক্ষকে সুপারিশ করা হবে।”
জনস্বার্থে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।