২৯ এপ্রিল, ২০২৬

নাসিরনগরে বিস্ফোরক মামলায় দুই ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

নাসিরনগরে বিস্ফোরক মামলায় দুই ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় বিস্ফোরক আইনের একটি মামলায় দুই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলা সদর এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— উপজেলার গোয়ালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল হক চৌধুরী এবং চাতলপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে ১১৮ জনকে আসামি করে একটি বিস্ফোরক মামলা দায়ের করেন নাসিরনগর উপজেলা কৃষক দলের সদস্য সচিব শাহ আলম পাঠান। গ্রেপ্তারকৃত দুই চেয়ারম্যান ওই মামলার তালিকাভুক্ত আসামি। দীর্ঘদিন পলাতক থাকার পর আজ গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শ্রী কৃষ্ণ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, "গ্রেপ্তারকৃত দুই চেয়ারম্যানের বিরুদ্ধে বিস্ফোরক আইনে নিয়মিত মামলা রয়েছে। আজ দুপুরে উপজেলা সদর থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।"

নাসিরনগর থানা এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।