পাবনার সাঁথিয়া উপজেলার হুঁইখালী বাংলা হাই স্কুল এন্ড কলেজের অ্যাডহক কমিটি গঠনকে কেন্দ্র করে স্থানীয় জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মব সৃষ্টি ও প্রধান শিক্ষককে অবরুদ্ধ করার অভিযোগ উঠেছে। কমিটি থেকে বিএনপি নেতার নাম প্রত্যাহার না করলে প্রধান শিক্ষক শিহাব উদ্দিন মীরকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে।
স্কুল সূত্রে জানা যায়, অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে প্রধান শিক্ষক স্থানীয় বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী মুন্সির নাম সুপারিশ করেন। ওই সুপারিশে জামায়াতের দুজন সদস্যের নাম থাকলেও বিএনপি নেতার নাম থাকায় ক্ষিপ্ত হয়ে ওঠেন স্থানীয় জামায়াত নেতাকর্মীরা। তারা বিএনপি নেতার নাম প্রত্যাহারের জন্য প্রধান শিক্ষককে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন।
অভিযোগ উঠেছে, গত সোমবার (২৭ এপ্রিল) দেড় শতাধিক জামায়াত নেতাকর্মী স্কুলে গিয়ে প্রধান শিক্ষককে না পেয়ে দপ্তরি শাহ আলমকে লাঞ্ছিত করেন। পরদিন মঙ্গলবার স্থানীয় জামায়াত নেতা রফিকুল ইসলাম ও ফিরোজ মিয়ার নেতৃত্বে একদল ব্যক্তি প্রধান শিক্ষকের কক্ষের সামনে অবস্থান নিয়ে তাকে দীর্ঘক্ষণ অবরোধ করে রাখেন।
এ বিষয়ে জামায়াত কর্মী মাহবুব ও ফিরোজ মিয়া সরাসরি জানান, "আমাদের গ্রামের প্রতিষ্ঠানে জামায়াত থেকেই সভাপতি দিতে হবে। আমরা বিএনপির কোনো ব্যক্তিকে সভাপতি হিসেবে দেখতে চাই না।"
প্রধান শিক্ষক শিহাব উদ্দিন মীর বলেন, "উপজেলা জামায়াতের আমীর ও ছাত্রশিবিরের নেতারা আমাকে ফোন করে চাপ দিচ্ছেন। তারা বলছেন—এটি জামায়াতের এলাকা, এখানে শিমুল বিশ্বাস বা তারেক রহমানের কোনো প্রশ্রয় নেই। স্থানীয় এমপি যা বলবেন তাই হবে।" তিনি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেন।
সাঁথিয়া উপজেলা জামায়াতের আমীর মোকলেছুর রহমানের সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তবে সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিজু তামান্না জানিয়েছেন, প্রধান শিক্ষককে প্রয়োজনীয় আইনি সহায়তা প্রদান করা হবে এবং কমিটির বিষয়টি সবার সাথে আলোচনা করে শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা চলছে।