সিরাজগঞ্জের রায়গঞ্জে নাঈম হোসেন (২৫) নামে এক অটোরিকশা চালকের নৃশংস গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার সোনাখাড়া ইউনিয়নের খৈচালা বিলের পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
নিহত নাঈম হোসেন উপজেলার ধুবিল ইউনিয়নের মালতীনগর এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে। তিনি রাজমিস্ত্রির কাজের পাশাপাশি অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন নাঈম। গভীর রাত পর্যন্ত তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা দুশ্চিন্তায় পড়েন এবং বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। পরদিন বুধবার সকালে স্থানীয়রা বিলের পাড়ে একটি গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসনুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন।
রায়গঞ্জ থানার ওসি মো. আহসনুজ্জামান জানান, মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি ছিনতাইয়ের উদ্দেশ্যে সংঘটিত হত্যাকাণ্ড বলে মনে করা হচ্ছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করতে পুলিশি অভিযান শুরু হয়েছে।
একদিকে রাজমিস্ত্রির কাজ, অন্যদিকে অটোরিকশা চালিয়ে অভাবের সংসার টানছিলেন নাঈম। তার এই অকাল ও নৃশংস মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের স্বজনরা এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।