পাবনার সাঁথিয়ায় মাদক বিক্রির দায়ে গোলাপি খাতুন (৩৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড ও বড় অংকের অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৭ এপ্রিল) তাকে হাতেনাতে আটকের পর এই সাজা প্রদান করা হয়। সাজাপ্রাপ্ত গোলাপি খাতুন উপজেলার ভাটো মিয়াপুর গ্রামের আকরাম হোসেনের স্ত্রী।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার নিজ এলাকায় মাদক বিক্রির সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গোলাপি খাতুনকে হাতেনাতে আটক করে পুলিশ। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিজু তামান্না।
আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬ (৫) ধারা মোতাবেক অপরাধীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ লাখ ৪৯ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, মাদক নির্মূলে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ওই নারীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে। তিনি আরও জোর দিয়ে বলেন, জনস্বার্থে মাদকের বিরুদ্ধে এই কঠোর অবস্থান ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।