২৬ এপ্রিল, ২০২৬

মাছের আড়তে জুয়ার আসর, নগদ টাকাসহ গ্রেপ্তার ৩

মাছের আড়তে জুয়ার আসর, নগদ টাকাসহ গ্রেপ্তার ৩

নোয়াখালী পৌরসভার মহব্বতপুর এলাকায় একটি মাছ বিক্রয় কেন্দ্রে অভিযান চালিয়ে তিন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় জুয়ার আসর থেকে নগদ ৬২ হাজার ৮৫০ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কালিতারা বাজারের একটি মাছের আড়তে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। সেখানে প্রকাশ্যে জুয়া খেলা চলছিল। পুলিশ হাতেনাতে তিনজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সদর উপজেলার শল্যাঘটাইয়া গ্রামের মো. দেলোয়ার হোসেন (৪০), মহব্বতপুর গ্রামের মো. আতিকুর রহমান (৪০) এবং কবিরহাট উপজেলার পূর্ব রাজুরগাঁও গ্রামের মো. জামাল উদ্দিন (৬০)।

জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন আজ রোববার দুপুরে বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় জুয়া আইনে মামলা করা হয়েছে। ওই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আজ বিকেলে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে। অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে ওই বাজারের বিভিন্ন স্থানে গোপনে ও প্রকাশ্যে জুয়ার আসর বসছিল। এতে এলাকার সামাজিক পরিবেশ নষ্ট হচ্ছিল। পুলিশের এই অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন তাঁরা।