২৫ এপ্রিল, ২০২৬

সাঁথিয়ায় মাদক ব্যবসার দায়ে স্বামী-স্ত্রীর কারাদণ্ড

সাঁথিয়ায় মাদক ব্যবসার দায়ে স্বামী-স্ত্রীর কারাদণ্ড

পাবনার সাঁথিয়ায় মাদক বিক্রির অপরাধে স্বামী ও স্ত্রীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার (২৫ এপ্রিল) উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিজু তামান্না এই আদালত পরিচালনা করেন।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার বড়পাইকশা গ্রামের মৃত আবুল প্রামাণিকের ছেলে অসিম প্রামাণিক এবং তাঁর স্ত্রী রিমা খাতুন। আদালত তাঁদের দুজনকে 'মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮' অনুযায়ী ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

সাঁথিয়া থানা পুলিশ জানায়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এই দম্পতিকে মাদকসহ আটক করা হয়। পরে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট এই সাজা ঘোষণা করেন।

সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, মাদক নির্মূলে তাঁদের এই নিয়মিত অভিযান চলমান রয়েছে। জনস্বার্থে এবং এলাকাকে মাদকমুক্ত করতে এ ধরনের কঠোর পদক্ষেপ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি নিশ্চিত করেন।