২৫ এপ্রিল, ২০২৬

উল্লাপাড়ায় মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষ, মসজিদ প্রাঙ্গণে দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া

উল্লাপাড়ায় মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষ, মসজিদ প্রাঙ্গণে দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া

উল্লাপাড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বারইয়া জামে মসজিদের কমিটি গঠনকে কেন্দ্র করে শুক্রবার জুম্মার নামাজের সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মসজিদে নামাজ আদায়রত মুসল্লিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং নামাজে বিঘ্ন ঘটে। এ সময় গোলযোগে অংশগ্রহণ করা লোকজনকে লাঠি, রামদা সহ বিভিন্ন দেশীয় অস্ত্র বহন করতে দেখা যায়। পরে উল্লাপাড়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এই গ্রামের বাসিন্দা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উল্লাপাড়া পৌরসভার ১নং ওয়ার্ড যুব বিভাগের সভাপতি মিজানুর রহমান অভিযোগ করেন, বারইয়া গ্রামের বাসিন্দা ও সাবেক পৌর কাউন্সিলর গোলাম আউলিয়া দীর্ঘ দিন ধরে তার মনোনীত লোকজন দিয়ে মসজিদ কমিটি গঠন করে মসজিদটি পরিচালনা করে আসছিলেন। কিন্তু অনেক দিন ধরেই গ্রামের বেশিরভাগ মানুষ উক্ত কাউন্সিলরের কথিত কমিটির প্রতি অনাস্থা আনে।

এ নিয়ে অনেক দিন ধরেই গোলযোগ চলে আসছিল। শুক্রবার দুপুরে গ্রামের লোকজন জুম্মার নামাজ পড়তে এলে আউলিয়ার লোকজনের সঙ্গে ঝগড়া ও হাতাহাতি হয়। পরে আউলিয়া তার লোকজন নিয়ে মসজিদ থেকে বের হয়ে যান।

এরপর তিনি আবারও তার লোকজন দেশীয় অস্ত্র হাতে নিয়ে মসজিদ অঙ্গনে প্রতিপক্ষের উপর হামলা চালায়।  এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ওই সময় গ্রামের মহিলারা উভয় পক্ষকে বাধা প্রদান করেন।  পরে মসজিদের ভেতরে থাকা মুসল্লিরা মূল গেট লাগিয়ে দেন। খবর পেয়ে উল্লাপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

এ ব্যাপারে প্রতিপক্ষ সাবেক পৌর কাউন্সিলর গোলাম আউলিয়ার সঙ্গে বার বার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) রূপু কর জানান, খবর পেয়ে তিনি পুলিশ বাহিনী নিয়ে দ্রুত উক্ত মসজিদ চত্বরে চলে আসেন। এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। বর্তমানে ওই গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।