গুরুদাসপুরে মাদকবিরোধী অভিযানে ২০৪ পিস ইয়াবাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার (২৪ এপ্রিল) ভোরে উপজেলার চাপিলা ইউনিয়নের মহারাজপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত ৩ টার দিকে মহারাজপুর গ্রামে অভিযান চালান গুরুদাসপুর থানার এসআই মোঃ এমদাদুল হক। এ সময় মোঃ শুভ ইসলামের শোবারঘরে মাদক কেনাবেচা চলছিল। মাদক ব্যবসায়ী ও সেবনকারীসহ ৫ জনকে হাতেনাতে আটক করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, মহরাজপুর গ্রামের মো. শুভ ইসলাম (২২), মো. রাব্বি হোসেন, ধানুড়া গ্রামের মো. হাসিবুল ইসলাম (২১), একই গ্রামের মেহেদী হাসান ও ঝাউপাড়া গ্রামের মো. বানী মোল্লা। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে গুরুদাসপুর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
গুরুদাসপুর থানার এসআই মো. এমদাদুল হক বলেন, আটকের পর ৫ তরুণকে তল্লাশি করা হয়। এতে তাদের কাছ থেকে ২০৪ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। উদ্ধারকৃত মাদকের ওজন ২০ দশমিক ৪ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬৩ হাজার টাকা।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুনজুরুল আলম বলেন, মাদক বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন তারা। প্রতিদিনই মাদক বিরোধী অভিযান অব্যহত রাখা হবে।