বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালিতে ভারতগামী দুটি বাণিজ্যিক জাহাজ জব্দ করেছে ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। আজ বৃহস্পতিবার সকালে নিয়ম লঙ্ঘনের অভিযোগে জাহাজ দুটিকে নিজেদের নিয়ন্ত্রণে নেয় তারা। জব্দ হওয়া জাহাজ দুটি হলো—‘ইপামিনোন্ডাস’ ও ‘এমএসসি ফ্রান্সেসকা’।
আইআরজিসি-র পক্ষ থেকে এই অভিযানের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। ভিডিওতে দেখা যায়, ইরানি পতাকাবাহী দ্রুতগতির স্পিডবোট জাহাজগুলোর দিকে ধেয়ে যাচ্ছে এবং পরে মুখোশধারী ও সশস্ত্র নৌসেনারা জাহাজে উঠে সেগুলোর নিয়ন্ত্রণ নিচ্ছে।
ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল-সংশ্লিষ্ট গণমাধ্যম ‘নূর নিউজ’ জানিয়েছে, সতর্কবার্তা উপেক্ষা করায় ‘ইপামিনোন্ডাস’ জাহাজটিকে লক্ষ্য করে গুলি চালানো হয়। একই সময়ে ‘ইউফোরিয়া’ নামের আরেকটি জাহাজকেও লক্ষ্যবস্তু করা হলে সেটি থেমে যেতে বাধ্য হয়। এছাড়া ‘এমএসসি ফ্রান্সেসকা’ নামের জাহাজটিকেও আইআরজিসি তাদের নিশানায় নিয়ে আসে।
আইআরজিসির এক বিবৃতিতে দাবি করা হয়েছে, ‘এমএসসি ফ্রান্সেসকা’ জাহাজটি ইসরায়েল-সংশ্লিষ্ট মালিকানাধীন। অন্যদিকে ‘ইপামিনোন্ডাস’ নেভিগেশন বা নৌ-চলাচল ব্যবস্থায় কারসাজি করে সামুদ্রিক নিরাপত্তা ঝুঁকিতে ফেলছিল। বিবৃতিতে স্পষ্টভাবে বলা হয়েছে, হরমুজ প্রণালিতে আরোপিত বিধিনিষেধ অমান্য বা নিরাপদ নৌচলাচল ব্যাহত করার যেকোনো চেষ্টা মুক্ত প্রভাত-এর পাঠকদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, ইরান তা কঠোরভাবে মোকাবিলা করবে।
বিশ্বের জ্বালানি তেল পরিবহনের প্রধান এই জলপথে সাম্প্রতিক উত্তেজনার মধ্যে এই জাহাজ জব্দের ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে।