২৩ এপ্রিল, ২০২৬

বেগমগঞ্জে ভবনের দারোয়ানের কক্ষে বিদেশি মদের আস্তানা, আটক ১

বেগমগঞ্জে ভবনের দারোয়ানের কক্ষে বিদেশি মদের আস্তানা, আটক ১

নোয়াখালীর বেগমগঞ্জে একটি বহুতল ভবনের দারোয়ানের শয়ন কক্ষ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ২০ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় আব্দুল জলিল (৪২) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

গত বুধবার (২২ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার চৌমুহনী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উত্তর হাজীপুর এলাকার ‘মাইশা লেক টাওয়ারে’ এ অভিযান চালানো হয়। আটক জলিল উপজেলার শরীফপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের মৃত হাজী ছায়েদুল হকের ছেলে।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনউদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে একটি বিশেষ টিম উত্তর হাজীপুর এলাকার ওই ভবনে অভিযান চালায়। তল্লাশিকালে ভবনের নিচতলায় দারোয়ানের শয়ন কক্ষে লুকিয়ে রাখা ২০ বোতল বিভিন্ন নামি-দামি ব্র্যান্ডের বিদেশি মদ পাওয়া যায়। এসময় ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে জলিলকে হাতেনাতে আটক করা হয়।

জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি মো. মহিনউদ্দিন মুক্ত প্রভাত-কে জানান, আটক আসামির বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। মাদকবিরোধী এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।