নাটোরের সিংড়া উপজেলায় দুর্যোগকালীন ত্রাণ ব্যবস্থাপনা ও সংরক্ষণ ব্যবস্থা আরও শক্তিশালী করতে নতুন একটি ত্রাণ গোডাউনের উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল ৪টায় উপজেলা কোর্টমাঠ চত্বরে এই গোডাউনের শুভ উদ্বোধন করেন নাটোরের জেলা প্রশাসক (ডিসি) আসমা শাহীন।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, দুর্যোগ মোকাবিলায় সঠিক সময়ে ত্রাণ পৌঁছানো জরুরি। এই গোডাউন নির্মাণের ফলে সিংড়া উপজেলায় ত্রাণ সংরক্ষণ সহজ হবে এবং জরুরি মুহূর্তে সাধারণ মানুষের কাছে দ্রুত সহায়তা পৌঁছানো সম্ভব হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত, সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিঠুন কুন্ডু। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, প্রকল্পটি বাস্তবায়নে মোট ব্যয় হয়েছে ৯ লক্ষ ৫৩ হাজার টাকা।
সংশ্লিষ্ট কর্মকর্তারা মুক্ত প্রভাত-কে জানান, আগে ত্রাণ সংরক্ষণের পর্যাপ্ত জায়গা না থাকায় কিছুটা বেগ পেতে হতো। নতুন এই গোডাউন নির্মাণের ফলে এখন থেকে সিংড়ায় দুর্যোগকালীন ত্রাণ বিতরণ কার্যক্রম আরও গতিশীল ও সুশৃঙ্খল হবে।