নাটোরের বড়াইগ্রামে গানের শিক্ষকের বিরুদ্ধে এক কিশোরী ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত বুধবার রাতে উপজেলার নগর ইউনিয়নের মশিন্দা গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে থানায় মামলা করার পর পুলিশ অভিযুক্তের ভাইকে গ্রেপ্তার করেছে।
অভিযুক্ত শিক্ষকের নাম মিঠুন মোল্লা (২৬)। তিনি উপজেলার মশিন্দা গ্রামের আক্কাস আলী মোল্লার ছেলে। এ ঘটনায় সহযোগিতার অভিযোগে পুলিশ তাঁর ভাই খায়রুল ইসলামকে গ্রেপ্তার করেছে।
মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, বনপাড়া পৌর এলাকার ওই কিশোরী বেশ কিছুদিন ধরে মিঠুন মোল্লার কাছে গান শিখছিল। বুধবার রাতে মশিন্দা গ্রামে একটি অনুষ্ঠানে গান গাওয়ার কথা বলে তাকে নিয়ে যান ওই শিক্ষক। রাত ১১টার দিকে স্থানীয় বাজারের একটি দোকানের ভেতরে নিয়ে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্ত শিক্ষক পালিয়ে যান। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম মুক্ত প্রভাত-কে জানান, ছাত্রীর মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। ঘটনার সঙ্গে জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধান আসামি পলাতক থাকায় তাকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ভুক্তভোগী কিশোরী বর্তমানে পুলিশি হেফাজতে চিকিৎসাধীন এবং তার প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষার প্রস্তুতি চলছে।