বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সমুদ্রপথ হরমুজ প্রণালিতে মাইন স্থাপনকারী যেকোনো নৌযান দেখলেই তা গুলি করে ধ্বংস করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি এই কঠোর হুঁশিয়ারি দেন।
ট্রাম্প তাঁর পোস্টে লিখেছেন, ‘আমি মার্কিন নৌবাহিনীকে নির্দেশ দিয়েছি—হরমুজ প্রণালিতে যারা মাইন বসাচ্ছে, তাদের নৌকা ছোট হলেও যেন গুলি করে ধ্বংস করা হয়।’
মার্কিন প্রেসিডেন্ট স্পষ্ট করে জানিয়েছেন, এ ধরনের পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে কোনো প্রকার দ্বিধাবোধ করা হবে না। তাঁর দাবি অনুযায়ী, মার্কিন ‘মাইন সুইপার’ বা মাইন অপসারণকারী জাহাজগুলো বর্তমানে ওই প্রণালী থেকে মাইন সরিয়ে পথ পরিষ্কার করার কাজ চালিয়ে যাচ্ছে। সেই কাজের সুরক্ষার স্বার্থেই এই হার্ডলাইন পজিশন নিয়েছেন তিনি।
বিশ্বের জ্বালানি তেল পরিবহনের একটি বড় অংশ এই হরমুজ প্রণালির ওপর নির্ভরশীল। ফলে ট্রাম্পের এই নির্দেশের পর ওই অঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।