দক্ষিণ আফ্রিকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে সন্ত্রাসীদের গুলিতে আবু নাছের শামীম (৫০) নামে এক বাংলাদেশি প্রবাসী ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) স্থানীয় সময় বিকেল ৫টায় জোহানেসবার্গের পার্শ্ববর্তী বারা এলাকায় এই ‘টার্গেট কিলিং’-এর ঘটনা ঘটে।
নিহত শামীম নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাদামতলী এলাকার মৃত আবদুর রশিদ মিয়ার ছেলে। তিনি চার সন্তানের জনক ছিলেন।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শামীম ২০০৭ সাল থেকে দক্ষিণ আফ্রিকায় ব্যবসা করে আসছিলেন। সেখানে তাঁর ৪-৫টি বাণিজ্যিক প্রতিষ্ঠান ছিল। নিহতের বড় ছেলে আবু রাফসান পিয়াস অভিযোগ করেন, একটি বড় দোকান বিক্রি করা নিয়ে নোয়াখালীরই এক ব্যবসায়িক অংশীদারের সঙ্গে তাঁর বাবার বিরোধ চলছিল।
নিরাপত্তাহীনতার কারণে শামীম সম্প্রতি তাঁর দোকানে বুলেটপ্রুফ গ্লাস স্থাপন এবং ব্যক্তিগত নিরাপত্তাকর্মী নিয়োগ দিয়েছিলেন। ঘটনার দিন বিকেলে তিনি দোকানের সামনে নিরাপত্তাকর্মীর সঙ্গে কথা বলছিলেন। এ সময় আগে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাঁর মাথায় পিস্তল ঠেকিয়ে পরপর ৬-৭ রাউন্ড গুলি করে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
এই নৃশংস হত্যাকাণ্ডের খবর দেশে পৌঁছালে নিহতের পরিবার ও এলাকায় শোকের মাতম শুরু হয়। দক্ষিণ আফ্রিকায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মধ্যেও গভীর শোক ও আতঙ্ক বিরাজ করছে। নিহতের স্বজনেরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং দ্রুত সময়ের মধ্যে মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন।