বিয়ের প্রলোভন দেখিয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ এবং সেই ঘটনার আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগে মো. রাকিব (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-১১। বুধবার (২২ এপ্রিল) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব বিষয়টি নিশ্চিত করেছে।
র্যাব জানায়, গ্রেপ্তার রাকিব ঢাকার কামরাঙ্গীরচরে একটি কারখানায় কর্মরত থাকাকালে ভুক্তভোগী গৃহবধূর সঙ্গে পরিচিত হয়। একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে সে ওই নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলে এবং গোপনে সেই নগ্ন ভিডিও ধারণ করে।
পরবর্তীতে সেই ভিডিও ব্যবহার করে রাকিব ভুক্তভোগীকে ব্ল্যাকমেইল শুরু করে। এমনকি ওই নারীর প্রবাসী স্বামীর কাছে ভিডিও পাঠিয়ে দিয়ে বিভিন্ন সময়ে ভয়ভীতি দেখিয়ে ৩ লাখ ৪৭ হাজার টাকা হাতিয়ে নেয়। এরপর আরও ২ লাখ টাকা দাবি করে এবং টাকা না দিলে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়।
ভুক্তভোগী পরিবার ঢাকার কামরাঙ্গীরচর থানায় মামলা দায়ের করলে র্যাব অভিযানে নামে। গত সোমবার রাতে নোয়াখালীর রামগঞ্জ উপজেলার পূর্ব বাজারের পোস্ট অফিস সংলগ্ন এলাকা থেকে রাকিবকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রাকিব নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রামগঞ্জ ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে।
র্যাব-১১ সিপিসি-৩ কোম্পানির কমান্ডার, অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নোয়াখালীর সুধারাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।