২২ এপ্রিল, ২০২৬

সিংড়ায় বাদাম ক্ষেতে সেচ দিতে গিয়ে প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

সিংড়ায় বাদাম ক্ষেতে সেচ দিতে গিয়ে প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

নাটোরের সিংড়ায় বাবার সাথে জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহমেদ (১৩) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার হাতিয়ানদহ ইউনিয়নের শালিকা গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত আহমেদ স্থানীয় গোলকপাড়া দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র এবং ওই গ্রামের রাশেদুল ইসলামের ছেলে।

ঘটনার বিবরণ: স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে আহমেদ তার বাবার সাথে নিজেদের চীনাবাদাম ক্ষেতে সেচ দিতে যায়। অসাবধানতাবশত সেচ পাম্পের বিদ্যুতের তারে জড়িয়ে পড়লে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহমেদকে মৃত ঘোষণা করেন।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের অসাবধানতায় এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।