পাবনার সাঁথিয়ায় মাদক কেনাবেচা ও সেবনের দায়ে তিনজনকে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২১ এপ্রিল) উপজেলা প্রশাসন ও থানা পুলিশের যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে এই দণ্ডাদেশ প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিজু তামান্না এবং সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এই অভিযানে নেতৃত্ব দেন। অভিযানে সাজাপ্রাপ্তরা হলেন, মাদক ব্যবসায়ী: নন্দনপুর গ্রামের বাবু আলী শেখের ছেলে মোঃ সুরুজ (৩৫)। তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মাদক ব্যবসায়ী: হাপানিয়া গ্রামের মোজাই সরদারের ছেলে মোঃ আজম (৩৫)।
তাকেও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মাদকসেবী: তেঁতুলিয়া গ্রামের ওহাব আলীর ছেলে মোহাম্মদ আলহাজ্ব। প্রকাশ্যে মাদক সেবনের দায়ে তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ তাদের হাতেনাতে আটক করা হয়। পরে আসামিরা নিজেদের দোষ স্বীকার করলে আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের এই সাজা প্রদান করেন।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না এবং ওসি রফিকুল ইসলাম জানান, এলাকায় মাদকের বিস্তার রোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। যুবসমাজকে রক্ষা করতে এবং জনস্বার্থে এ ধরনের ঝটিকা অভিযান ও কঠোর তদারকি নিয়মিত অব্যাহত থাকবে।
সাঁথিয়া থানা পুলিশ জানায়, সাজাপ্রাপ্তদের আজই জেলহাজতে পাঠানো হয়েছে।