১৫ এপ্রিল, ২০২৬

বসতবাড়িতে ১২০০ লিটার পেট্রোল মজুত, গ্রেপ্তার ৩

বসতবাড়িতে ১২০০ লিটার পেট্রোল মজুত, গ্রেপ্তার ৩

নোয়াখালী পৌরসভার একটি বসতবাড়িতে অবৈধভাবে মজুত করে রাখা ১ হাজার ২০০ লিটার পেট্রোল উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় অবৈধ মজুতের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা হয়েছে তেল পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান।

বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীনারায়ণপুর এলাকার হাজী আসমত আলী বাড়িতে এই অভিযান চালানো হয়।

গ্রেপ্তার হলেন যারা
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—লক্ষ্মীনারায়ণপুর এলাকার মো. মুসফিকুর রহমান মাহি (১৯), মাহমুদুল হাসান (২৬) এবং ১ নম্বর ওয়ার্ডের মধুসূদনপুর এলাকার মো. মঞ্জুর আলম (৫৩)।

যেভাবে পরিচালিত হলো অভিযান
ডিবি পুলিশ জানায়, লক্ষ্মীনারায়ণপুর এলাকার জনৈক আবুল খায়েরের বসতবাড়িতে বিপুল পরিমাণ দাহ্য পদার্থ অবৈধভাবে মজুত করা হয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে বসতভিটার ভেতর থেকে ১২০০ লিটার পেট্রোল উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টার সময় হাতেনাতে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের বক্তব্য
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে লাইসেন্স বা কোনো বৈধ কাগজপত্র ছাড়াই ঝুঁকিপূর্ণভাবে জনবসতিপূর্ণ এলাকায় পেট্রোল মজুত করে আসছিলেন। উদ্ধার করা পেট্রোল ও পরিবহনের কাজে ব্যবহৃত পিকআপটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।

পুলিশ আরও জানায়, এই ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করার প্রক্রিয়া চলছে। দাহ্য পদার্থের এমন অবৈধ মজুতের পেছনে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।