১৫ এপ্রিল, ২০২৬

বড়াইগ্রামে পেঁয়াজ চাষিদের মাঝে ‘এয়ার ফ্লো’ মেশিন বিতরণ

বড়াইগ্রামে পেঁয়াজ চাষিদের মাঝে ‘এয়ার ফ্লো’ মেশিন বিতরণ

নাটোরের বড়াইগ্রামে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও আধুনিক পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণের লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে ‘এয়ার ফ্লো’ মেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ১০ জন প্রদর্শনী চাষির মাঝে এই উন্নত প্রযুক্তির মেশিন তুলে দেওয়া হয়।

উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সজীব আল মারুফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নুরে আলম সিদ্দিক, সিনিয়র মৎস্য কর্মকর্তা মুরাদ হোসেন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. মারফুদুল হক ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মাহাদী হাসান।

জলবায়ু সহিষ্ণু পেঁয়াজ সংরক্ষণ
বক্তারা জানান, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অর্থায়নে একটি বিশেষ প্রকল্পের আওতায় এই মেশিনগুলো বিতরণ করা হয়েছে। প্রকল্পের মূল লক্ষ্য হলো—পেঁয়াজ উৎপাদন এলাকায় জলবায়ু পরিবর্তনের প্রতিকূল প্রভাব প্রশমনে অংশীদারত্বের ভিত্তিতে কৃষক পর্যায়ে পেঁয়াজ সংরক্ষণের সক্ষমতা বাড়ানো।

আধুনিক প্রযুক্তির সুফল
কৃষি কর্মকর্তারা জানান, এয়ার ফ্লো মেশিন ব্যবহারের ফলে কৃষকেরা ঘরেই দীর্ঘ সময় পেঁয়াজ পচনমুক্ত অবস্থায় সংরক্ষণ করতে পারবেন। এতে অসময়ে বাজারে ভালো দাম পাওয়ার পাশাপাশি পচনজনিত লোকসান থেকে চাষিরা রক্ষা পাবেন। এটি মূলত একটি অভিযোজন প্রকল্প, যা দেশের পেঁয়াজ উৎপাদনকারী অঞ্চলগুলোতে কৃষকদের সক্ষমতা বৃদ্ধি করবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা উমিরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা ডালিয়া পারভীন এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এমদাদুল হক। উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা পেঁয়াজ চাষিরা এই প্রদর্শনী ও মেশিন বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন।