১৫ এপ্রিল, ২০২৬

জ্বালানি সংকট কাটাতে নবায়নযোগ্য খাতে বিনিয়োগ বাড়ানোর তাগিদ

জ্বালানি সংকট কাটাতে নবায়নযোগ্য খাতে বিনিয়োগ বাড়ানোর তাগিদ

জ্বালানি খাতে সক্ষমতা বৃদ্ধি ও বর্তমান সংকট মোকাবিলায় সৌর, পানি ও বায়ুবিদ্যুতের মতো নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনেরা। তাঁরা বলেন, জীবাশ্ম জ্বালানির ওপর অতিরিক্ত নির্ভরশীলতার কারণে দেশ আজ চরম সংকটে। টাকা থাকলেও আন্তর্জাতিক বাজারে জ্বালানি পাওয়া যাচ্ছে না, যার প্রভাব পড়ছে শিল্প-কারখানা ও সাধারণ মানুষের জীবনে।

আজ বুধবার দুপুরে চট্টগ্রাম নগরীর কাপাসগোলা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত ‘সবুজ জ্বালানি’ বিষয়ক প্রচারণা কর্মসূচির পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। বেসরকারি উন্নয়ন সংস্থা আইএসডিই বাংলাদেশ, ‘ক্লিন’ এবং ‘বিডব্লিউজিইডি’ যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

‘টাকা থাকলেও জ্বালানি নেই’
অনুষ্ঠানে ক্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ও আইএসডিই-এর নির্বাহী পরিচালক এস এম নাজের হোসাইন বলেন, ‘ইরান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের তীব্র সংকট তৈরি হয়েছে। আমাদের দেশে পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইন, কিন্তু তেল নেই। যদি আমরা সময়মতো নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করতাম, তবে আজ এই জ্বালানি নিরাপত্তাহীনতায় পড়তে হতো না।’

সভাপতির বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রুমা বড়ুয়া বলেন, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা দেশের অর্থনীতিকে হুমকির মুখে ফেলছে। আগামী প্রজন্মকে এই সংকট থেকে বাঁচাতে এখন থেকেই সবুজ ও টেকসই জ্বালানি সম্পর্কে সচেতন করতে হবে।

শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ
প্রচারণা কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় নবম শ্রেণির সোহাইলা করিম চৌধুরী প্রথম, তাহিয়াত তারান্নুম আরশি দ্বিতীয় এবং দশম শ্রেণির তুনাজ্জিয়া নূর তৃতীয় স্থান অধিকার করে। রচনা প্রতিযোগিতায় প্রথম হয়েছে দশম শ্রেণির উনাইছা আমরিন, দ্বিতীয় আদওয়া জাহান এবং তৃতীয় মৌমিতা দাস বর্ষা।

জনসচেতনতার বিকল্প নেই
ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সংগঠক রাসেল উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবদুল মান্নান, ক্যাব চান্দগাঁও থানার সভাপতি মো. জানে আলম, আইএসডিই-এর প্রকল্প সমন্বয়কারী শম্পা কে নাহার, প্রজেক্ট অফিসার রাইসুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে পরিবেশবান্ধব সবুজ জ্বালানি সম্পর্কে সচেতনতা সৃষ্টি করাই এই আয়োজনের মূল লক্ষ্য। তরুণ প্রজন্ম সচেতন হলে ভবিষ্যতে দেশে টেকসই জ্বালানি ব্যবস্থা গড়ে তোলা সহজ হবে।