উল্লাপাড়ায় ৫টি বিলের ২০ হাজার একর জমির স্থায়ী জলাবদ্ধতা দূর করতে খনন করা হচ্ছে ভাগলপুর-কয়ড়া নদী খাল।
উল্লাপাড়ার সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান শনিবার বেলা ১১ টায় আনুষ্ঠানিকভাবে এই খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন। এ উপলক্ষে কয়ড়ায় আয়োজিত সমাবেশে বিরোধী দলীয় হুইপ বলেন, বর্তমান সরকারের প্রতিশ্রুতি খাল খনন কর্মসূচির আওতায় এই খালটি খনন করা হচ্ছে। এ ছাড়া এই খাল খননের ব্যাপারে এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে তারও নির্বাচনপূর্ব প্রতিশ্রুতি ছিল।
দেড় কিলোমিটার দীর্ঘ খালটি খনন করা হলে উপজেলার দুর্গানগর, উল্লাপাড়া সদর ও কয়ড়া ইউনিয়নের মানতালা, মাদারবাড়ীয়া, রুপারখাপাল, ভদ্রকোল ও ভাগলপুর বিলের ২০ হাজার একর জমির জলাবদ্ধতা দূর হবে। এ সব জমিতে বছরে ৩ বার করে ফসল ফলানো সম্ভব হবে।
আর এতে এলাকার কৃষকগণ যেমন উপকৃত হবেন এবং দেশের অর্থনীতিতেও এই খাল ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন। সাংসদ রফিকুল ইসলাম এ ব্যাপারে এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা কামানা করেন।
উল্লাপাড়া সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার রিমার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক শাহজাহান আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান ভুইয়া, উপজেলা জামায়াতের দপ্তর সম্পাদক আব্দুর বারী, কয়ড়া ইউনিয়ন জামায়াতের সভাপতি নুরুল ইসলাম আকন্দ প্রমুখ।