১১ এপ্রিল, ২০২৬

হাতিয়ায় ৮ লাখ টাকার অবৈধ জ্বালানি তেল জব্দ, আটক ৪

হাতিয়ায় ৮ লাখ টাকার অবৈধ জ্বালানি তেল জব্দ, আটক ৪

নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ জ্বালানি তেলসহ চার যুবককে আটক করেছে কোস্টগার্ড। আজ শনিবার সকালে উপজেলার নলচিরা ঘাট সংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয়। জব্দ করা জ্বালানি তেলের বাজারমূল্য প্রায় আট লাখ টাকা বলে জানিয়েছে কোস্টগার্ড।

আটক ব্যক্তিরা হলেন—উপজেলার নলচিরা ইউনিয়নের মো. মিলন (২২), মো. রিয়াজ (২০), মো. স্বপন (২২) ও মো. ফয়েল (১৯)।

কোস্টগার্ড সূত্রে জানা গেছে, বিদেশি জাহাজ থেকে শুল্ক ফাঁকি দিয়ে তেল খালাস করে পাচার করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর সাড়ে ছয়টার দিকে মেঘনা নদীতে অভিযানে নামে কোস্টগার্ড স্টেশন হাতিয়ার একটি বিশেষ দল। অভিযানে দুটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা থেকে ৪ হাজার ৮০০ লিটার পেট্রল ও ২ হাজার ১৫ লিটার ডিজেল জব্দ করা হয়। এ সময় পাচারে জড়িত থাকা সন্দেহে ওই চার যুবককে আটক করা হয়।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দ করা তেলের আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৯১ হাজার টাকা। শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে এসব জ্বালানি দেশে আনা হয়েছিল।

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দ করা তেল ও বোটসহ তাঁদের হাতিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। চোরাচালান রোধে কোস্টগার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।