পাবনার সাঁথিয়ায় পেশাগত স্বচ্ছতা নিশ্চিত ও ওষুধের সঠিক মান বজায় রাখার অঙ্গীকার নিয়ে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির (বিসিডিএস) বার্ষিক সাধারণ সভা ও কেমিস্ট সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা বিসিডিএস মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়।
সাঁথিয়া উপজেলা বিসিডিএসের সভাপতি আব্দুল হাইয়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মেহেদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা বিসিডিএসের জ্যেষ্ঠ সহসভাপতি ও জেলা ক্লিনিক মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইদুর রশিদ খান পিন্টু।
সভায় বক্তারা ওষুধের সঠিক মূল্য (এমআরপি) বাস্তবায়ন এবং নকল ও ভেজাল ওষুধ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তারা বলেন, ওষুধ বিক্রয় কেবল ব্যবসা নয়, এটি একটি মহান সেবা। মানুষের জীবন ও স্বাস্থ্যের সঙ্গে সরাসরি জড়িত থাকায় এই পেশায় ভুলের কোনো অবকাশ নেই। নকল ওষুধ ও অসম প্রতিযোগিতার চ্যালেঞ্জ মোকাবিলায় ড্রাগিস্টদের আরও সচেতন হওয়ার পরামর্শ দেন বক্তারা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল বাতেন এবং জেলা বিসিডিএসের সহসভাপতি তারেক ইবনে আনসার।
অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির পরিচালনা পরিষদের সদস্য আব্দুল কুদ্দুস মালিথা, রাজু ইসলাম অলি, রফিকুল ইসলাম আমানুল্লাহ, আমিরুল ইসলাম, উপজেলা বিসিডিএসের সদস্য সুশীল কুমার দাস, সহসভাপতি রুহুল আলম এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালসের মেডিকেল প্রমোশন অফিসার আনারুল হোসেন।
সভায় উপজেলার কয়েক শ ওষুধ ব্যবসায়ী ও কেমিস্ট উপস্থিত ছিলেন।