১০ এপ্রিল, ২০২৬

সিরাজগঞ্জে অবৈধ মজুদ রাখায় ৭৬৪ লিটার তেল জব্দ দুই ব্যবসায়ীকে কারাদণ্ড

সিরাজগঞ্জে অবৈধ মজুদ রাখায় ৭৬৪ লিটার তেল জব্দ দুই ব্যবসায়ীকে কারাদণ্ড

বৃহস্পতিবার রাতে সিরাজগঞ্জের সলঙ্গা থানার সাহেবগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ রাখা ৭৬৪ লিটার তেল ও মবিল জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় দুই ব্যবসায়ীকে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও র‌্যাব-১২ এর যৌথ অভিযানে উল্লাপাড়া উপজেলার দাদপুর গ্রামের আব্দুস সালামের ছেলে জাহাঙ্গীর আলম এবং বাশুদেবপুর গ্রামের আনিসুর রহমানের ছেলে ইউনূস আলীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড দেন। 

শুক্রবার দুপুরে র‌্যাব-১২ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার তাবরীজ তাজওয়ার শরীফ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জে জেলা প্রশাসন ও র‌্যাব-১২ পরিচালিত এই অভিযানে দুই ব্যবসায়ীর কাছ থেকে ৭০৯ লিটার ডিজেল, ৫ লিটার মবিল, ৮ লিটার পুষ্টি সয়াবিন তেল এবং ৪২ লিটার রাইস ব্রাইন তেল জব্দ করা হয়।

তিনি আরও জানান, অবৈধভাবে জ্বালানি ও ভোজ্য তেল মজুদের দায়ে পেট্রোলিয়াম আইন-২০১৬ এর ২০(১)(ক) ধারায় ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ বিচারক সিরাজগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তুম্মে নাজনীন উল্লিখিত দণ্ড প্রদান করে। প্রশাসনের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।