১০ এপ্রিল, ২০২৬

ইসলামপুরে বিএনপির ৬ নেতার জামায়াতে যোগদান

ইসলামপুরে বিএনপির ৬ নেতার জামায়াতে যোগদান

জামালপুরের ইসলামপুরে বিএনপির ওয়ার্ড পর্যায়ের ছয়জন নেতা দল পরিবর্তন করে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। আজ শুক্রবার বিকেলে উপজেলা জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাঁরা দলটিতে যোগ দেন।

দলত্যাগ করা নেতাদের মধ্যে রয়েছেন ইসলামপুর পৌর বিএনপির ৬ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক জিয়াউর রহমান সোহেল। তিনি দীর্ঘদিন ধরে ওই পদে দায়িত্ব পালন করে আসছিলেন। এ ছাড়া দলত্যাগ করা অন্য পাঁচজনও ওয়ার্ড বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন বলে জানা গেছে।

জামায়াতে যোগ দেওয়া নেতা লাভলু শেখ গণমাধ্যমকর্মীদের বলেন, ‘দলের দুর্দিনে রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছি, রক্ত ঝরিয়েছি। কিন্তু বিএনপি থেকে কোনো মূল্যায়ন পাইনি। সেই হতাশা থেকেই আমিসহ আরও পাঁচজন বিএনপি ত্যাগ করে জামায়াতে যোগ দিয়েছি।’

যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ড. সামিউল হক ফারুকী। এ সময় উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে, নির্বাচনের আগে তৃণমূল পর্যায়ে বিএনপির এই দলত্যাগের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনার সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে স্থানীয় বিএনপি নেতাদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।