গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) কেন্দ্রে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের (বিজ্ঞান শাখা) ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এই পরীক্ষার মাধ্যমেই এবারের গুচ্ছ ভর্তি কার্যক্রমের পরীক্ষা পর্ব শেষ হলো।
আজ শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, গোবিপ্রবি কেন্দ্রে বিজ্ঞান শাখার পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৭৮ দশমিক ৬০ শতাংশ। মোট ৪ হাজার ৪৫২ জন আবেদনকারীর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ৩ হাজার ৩৯৯ জন। অনুপস্থিত ছিলেন ৯৫৩ জন পরীক্ষার্থী। পরীক্ষা চলাকালে মোবাইল ফোন সঙ্গে রাখায় একজন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
এ ছাড়া আজ বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত বিজ্ঞান শাখার অধীনে আর্কিটেকচার বিভাগে ভর্তিচ্ছুদের অঙ্কন ও লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সকালে পরীক্ষা শুরুর আগে কেন্দ্রের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর। এ সময় তাঁর সঙ্গে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান ও ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান। তাঁরা কেন্দ্রে আগত অভিভাবকদের সঙ্গেও কুশল বিনিময় করেন।
পরীক্ষা শেষে উপাচার্য ড. হোসেন উদ্দিন শেখর সন্তোষ প্রকাশ করে বলেন, ‘আজকের পরীক্ষার মধ্য দিয়ে চলতি শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা কার্যক্রম সফলভাবে শেষ হলো। শিক্ষক, কর্মকর্তা, জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় আমরা একটি সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে পেরেছি। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’
উল্লেখ্য, চলতি শিক্ষাবর্ষে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মোট আসন রয়েছে ১ হাজার ৫০৫টি। এর মধ্যে ‘এ’ ইউনিটে ৭৫৫টি, ‘বি’ ইউনিটে ৫০০টি এবং ‘সি’ ইউনিটে ২৫০টি আসন বরাদ্দ রয়েছে।