৯ এপ্রিল, ২০২৬

চাটখিলে টিউবওয়েলে দিয়াশলাই ধরতেই জ্বলছে আগুন

চাটখিলে টিউবওয়েলে দিয়াশলাই ধরতেই জ্বলছে আগুন

নোয়াখালীর চাটখিল উপজেলায় একটি নতুন টিউবওয়েলে পানির সঙ্গে গ্যাস বের হওয়ার খবর পাওয়া গেছে। টিউবওয়েলের মুখে দিয়াশলাইয়ের কাঠি ধরতেই দাউ দাউ করে আগুন জ্বলে ওঠায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে কৌতূহল ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের বৈকুন্ঠপুর গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

পানির সঙ্গে বের হচ্ছে তীব্র গন্ধ
স্থানীয় বাসিন্দা আব্দুল মতিন জানান, প্রায় এক মাস আগে গৃহস্থালির কাজের জন্য নিজের বসতঘরের পাশে ৬০ ফুট গভীরে একটি টিউবওয়েল স্থাপন করেন তিনি। কিন্তু টিউবওয়েলটি বসানোর পর থেকেই দেখা দেয় বিপত্তি। পানির সঙ্গে তীব্র এক ধরনের গন্ধ পাওয়া যাচ্ছিল এবং পানি তোলার সময় অনবরত বুদবুদ শব্দ হচ্ছিল।

তীব্র গন্ধের কারণে ওই পানি পরিবারের কেউ ব্যবহার করতে পারছিলেন না। সন্দেহ হলে পরিবারের সদস্যরা আজ দিয়াশলাই জ্বালিয়ে পরীক্ষা করতে গেলে মুহূর্তেই টিউবওয়েলের মুখ দিয়ে আগুন জ্বলে ওঠে। আগুনের শিখা বেশ কিছুক্ষণ স্থায়ী থাকে।

ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়
টিউবওয়েল দিয়ে আগুন বের হওয়ার খবর এলাকায় দ্রুত ছড়িয়ে পড়লে উৎসুক জনতা সেখানে ভিড় করেন। আব্দুল মতিন বলেন, ‘বিষয়টি প্রথমে গুরুত্ব দিইনি। পরে গ্যাসের গন্ধ পেয়ে লাইটার ধরতেই আগুন জ্বলে উঠল। এখন আমরা বেশ আতঙ্কে আছি। কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটে কি না, তা নিয়ে ভয় লাগছে। দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের সহযোগিতা চাইছি।’

বিশেষজ্ঞদের মতে, ভূগর্ভস্থ প্রাকৃতিক গ্যাসের স্তরের উপস্থিতির কারণে এমন ঘটনা ঘটতে পারে। দ্রুত পরীক্ষা-নিরীক্ষা করে স্থানটির ঝুঁকি নিরূপণ করা জরুরি।

তদন্তের আশ্বাস প্রশাসনের
চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান এ প্রসঙ্গে বলেন, ‘বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে আমাদের নজরে এসেছে। তবে যথাযথ পরীক্ষা-নিরীক্ষা ছাড়া নিশ্চিত করে এই মুহূর্তে কিছু বলা সম্ভব নয়। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত তদন্তের ব্যবস্থা করব।’

আপাতত ওই টিউবওয়েলটির আশেপাশে আগুন বা বৈদ্যুতিক কাজ থেকে বিরত থাকতে স্থানীয়দের পরামর্শ দেওয়া হয়েছে।