৮ এপ্রিল, ২০২৬

চিলমারীতে বিদ্যালয়ের ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

চিলমারীতে বিদ্যালয়ের ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

কুড়িগ্রামের চিলমারীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় তলার ছাদ থেকে পড়ে হাবিবা আক্তার (১১) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কাঁচকোল এলাকায় কেডি ওয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই দুর্ঘটনা ঘটে।

হাবিবা ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ও স্থানীয় হামিদুল ইসলামের কন্যা।

বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে টিফিনের সময় হাবিবা তার বান্ধবীদের সঙ্গে বিদ্যালয়ের নবনির্মিত দ্বিতীয় তলার ছাদে যায়। সেখানে খেলাধুলার একপর্যায়ে সে ছাদ থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। শিক্ষকরা তাকে দ্রুত উদ্ধার করে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। তবে রংপুর নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম আলিমুল রাজি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘টিফিনের সময় শিশুটি ছাদে উঠেছিল। আমরা তাৎক্ষণিক তাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেছিলাম, কিন্তু শেষ রক্ষা হলো না।’

এদিকে স্কুলছাত্রীর এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পর থেকে স্থানীয় অভিভাবকদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। বিদ্যালয়ের ছাদে শিক্ষার্থীদের অবাধ যাতায়াত এবং নিরাপত্তার ঘাটতি ছিল কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।

চিলমারী থানার পুলিশ জানায়, বিষয়টি তারা অবগত হয়েছেন। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।