নোয়াখালীর মাইজদীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক ছদ্মবেশী অভিযানে ৩ হাজার ৯৮০ পিস ইয়াবাসহ মো. জসিম উদ্দিন জহির (৫৫) নামের এক আন্তজেলা মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ রোববার সকালে জেলা শহরের মাইজদী নতুন হাউজিং এলাকার বালুর মাঠ সংলগ্ন হাসপাতাল রোড থেকে তাঁকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও র্যাব-১১-এর একটি যৌথ দল।
গ্রেপ্তারকৃত জসিম উদ্দিন কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়াপাল ইউনিয়নের মরিচ্যা বাজার এলাকার মৃত নুরুল হকের ছেলে।
অভিযান সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও র্যাবের সদস্যরা ক্রেতা ও পথচারীর ছদ্মবেশে ওই এলাকায় অবস্থান নেন। জসিম উদ্দিন নির্ধারিত স্থানে পৌঁছালে তাঁকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে ৩ হাজার ৯৮০ পিস ইয়াবা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জসিম জানান, তিনি পেশায় ইটভাটা শ্রমিক। তবে এই কাজের আড়ালে তিনি উখিয়া থেকে ইয়াবার চালান সংগ্রহ করে নোয়াখালীতে সরবরাহ করতেন। প্রতিটি চালান পৌঁছে দেওয়ার বিনিময়ে তিনি ৪০ হাজার টাকা পেতেন এবং এর আগেও বেশ কয়েকবার ইয়াবার বড় চালান নোয়াখালীতে এনেছেন বলে স্বীকার করেছেন।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুধারাম মডেল থানায় মামলা করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।