৫ এপ্রিল, ২০২৬

নোয়াখালীতে ‘কিশোর গ্যাংয়ের’ হামলায় ব্যবসায়ী নিহত

নোয়াখালীতে ‘কিশোর গ্যাংয়ের’ হামলায় ব্যবসায়ী নিহত

নোয়াখালীর সদর উপজেলায় কিশোর গ্যাংয়ের মারধরে মো. সেলিম (৫৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের জেরে তাঁর ছোট ছেলেকে মারতে এসে ওই ব্যবসায়ীর ওপর হামলা চালায় একদল কিশোর।

গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার দাদপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গৌরীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সেলিম ওই গ্রামের মৃত শাহজাহানের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সেলিমের ছোট ছেলে অন্তরের (১৫) সঙ্গে একই গ্রামের কিশোর সজলের (১৭) বন্ধুত্ব ছিল। গতকাল দুপুরে মুঠোফোনে সজল অন্তরকে শাসিয়ে বলে, তাকে যেন নাম ধরে ডাকা না হয় (সিনিয়র-জুনিয়র বিতর্ক)। এ নিয়ে দুই কিশোরের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। এর জেরে সন্ধ্যায় সজল তার সহযোগী শাওন, ফাহাদ ও রিয়াদসহ কয়েকজনকে নিয়ে অন্তরের বাড়ির সামনে চড়াও হয়।

নিহতের বড় ছেলে মো. শাকিল অভিযোগ করেন, কিশোর গ্যাংয়ের সদস্যরা বাড়িতে এসে অন্তরকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। চিৎকার শুনে পাশের দোকান থেকে বাবা (সেলিম) এগিয়ে আসছিলেন। এ সময় সজল ও তার সহযোগীরা তাঁর বাবাকে বেধড়ক মারধর করে। এতে তিনি ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম বলেন, সিনিয়িয়র-জুনিয়র দ্বন্দ্বে দুই পক্ষের মারামারির সময় ভিকটিম ঘটনাস্থলে দাঁড়িয়ে ছিলেন। আকস্মিক তাঁর মুখে আঘাত লাগলে তিনি মাটিতে পড়ে মারা যান। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় এ নিয়ে উত্তেজনা বিরাজ করায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।