৪ এপ্রিল, ২০২৬

পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন

পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং একটি সুস্থ-সুন্দর সমাজ গড়ার প্রত্যয়ে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শুরু হয়েছে ব্যাপকভিত্তিক বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। শনিবার (৪ এপ্রিল) নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মহতী উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য এম. এ. হান্নান।

‘পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই’
উদ্বোধনী বক্তব্যে সাংসদ এম. এ. হান্নান বলেন, “জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী রেখে যেতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। কেবল গাছ লাগালেই হবে না, সুস্থ জীবনযাপনের জন্য আমাদের চারপাশ পরিষ্কার রাখাও সমান জরুরি।” তিনি সমাজ থেকে আবর্জনা দূর করতে এবং প্রকৃতিকে রাঙাতে সর্বস্তরের মানুষকে এই অভিযানে শামিল হওয়ার আহ্বান জানান।

অভিযানের ব্যাপ্তি ও পরিকল্পনা
কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, গুরুত্বপূর্ণ সড়কের দু-পাশ এবং পরিত্যক্ত খোলা জায়গায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে। একইসাথে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত বিভিন্ন এলাকায় ডাস্টবিন স্থাপন ও আবর্জনা অপসারণের মাধ্যমে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন নাছরিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: নাসিরনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন,  সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলী আজম চৌধুরী, আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রহিম,

এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এই অভিযানে অংশ নেন।